নাটোরের লালপুর উপজেলায় পৃথক দুটি স্থানে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ মে) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে উপজেলার ঢুষপাড়া এলাকায় এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় শামীম (৫০) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

পরে রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার কয়লার ডহর এলাকায় পদ্মা নদীর চর থেকে এক্সকাভেটর ও ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহবুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তি ইটভাটায় ব্যবহারের জন্য মাটি উত্তোলনের বিষয়টি স্বীকার করলে একই আইনে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্য এবং আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন বলেন, “কৃষিজমি, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষিজমি ও নদী রক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।