হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা নয়জন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে সুজাতপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও পেশাগত প্রতিষ্ঠানে কর্মরত গ্রামের কৃতি সন্তানদের সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা প্রাপ্তরা হলেন—সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম চৌধুরী, হুফফাজুল কোরআন সুন্নি ফাউন্ডেশন হিফজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফেজ এবাদুল হক চৌধুরী, সাউথইস্ট ব্যাংক পিএলসির ম্যানেজার (অপারেশন) মনিরুজ্জামান চৌধুরী তুষার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কনস্যুলার কর্মকর্তা মো. জুবায়েদুল হক চৌধুরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ট্রাফিক কন্ট্রোলার আরিফ চৌধুরী, মাই টিভি ও দৈনিক ভোরের আকাশের হবিগঞ্জ জেলা প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর মোহন রায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মোর্শিদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী। সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েত সুজাতপুরের সভাপতি হাসান চৌধুরী হেমসিন।
শুভেচ্ছা বক্তব্য দেন সুজাতপুর বাজার কমিটির সাবেক সভাপতি শুভ আহমেদ মজলিশ এবং স্বাগত বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি এখলাছ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষানবিশ আইনজীবী এনামুল হক এনাম।
বক্তারা বলেন, সংবর্ধিত ব্যক্তিদের সাফল্য শুধু সুজাতপুর গ্রামের জন্যই নয়, সমগ্র অঞ্চলের জন্য গর্বের বিষয়। তাঁদের অর্জন নতুন প্রজন্মকে শিক্ষা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
তারা আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে দক্ষ, সৎ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী, তরুণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ছবি ক্যাপশন:
