নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, “দেশের ইতিহাসে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। তাঁর শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে জিয়াউর রহমানের নেতৃত্ব ও ভূমিকা আলোচিত হয়েছে। আজকের এই দিনে আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও নোবিপ্রবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

মিলাদ মাহফিল শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, নোবিপ্রবিতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ (জেডআরএফ)-এর চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।