দেশ গঠন ও সামাজিক সংহতি জোরদারে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলা সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, একজন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে অন্যের পাশে দাঁড়ায় এবং সামাজিক দায়িত্ব পালনে আন্তরিক হয়, তবে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।

তিনি বলেন, “আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা রাষ্ট্র গঠন ও উন্নয়নের কাজে অবদান রাখছেন, তাদের সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য সংক্ষিপ্ত রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কর্মসূচির কারণে আশপাশের সড়কে সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাই জনদুর্ভোগ কমানোর স্বার্থে তিনি দীর্ঘ বক্তব্য না দিয়ে কর্মসূচির মূল উদ্দেশ্যের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে সাংগঠনিক বিষয়ে পৃথক সভা ও সমাবেশের আয়োজন করা হবে। সেখানে দলীয় কার্যক্রম, সংগঠনের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।