পবিত্র ঈদুল আজহায় রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

তিনি বলেন, “রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা, সেটি নিজে পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী বের হয়েছেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।”

প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কোরবানির বর্জ্য অপসারণ নিজেই ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

উপ-প্রেস সচিব জানান, পুরো পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যাল মেনে চলেছেন এবং বিভিন্ন মোড়ে নিয়ম অনুযায়ী গাড়ি থামিয়েছেন।

সরকারি হিসাবে, এ বছর ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। এতে ৫৫ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণে ঈদের দিন থেকেই কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত রাখতে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী, পরিবহন ও বিশেষ ব্যবস্থাপনা কার্যক্রম চালু রাখা হয়েছে।

নগর ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, ঈদের মতো বড় ধর্মীয় উৎসবের সময় দ্রুত বর্জ্য অপসারণ শুধু পরিচ্ছন্নতার নয়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা আরও বাড়াবে বলেও মনে করছেন তারা।