পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য রাত ৯টার মধ্যেই অপসারণ করা সম্ভব হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কার্যক্রম শুরুর পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব বর্জ্য ল্যান্ডফিলে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ চলছে।”

ঈদের প্রথম দিনে প্রায় ১৬ হাজার টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য
তিনি আরও বলেন, নগরবাসীর সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা পরিচ্ছন্ন করা সম্ভব হবে। এ সময় তিনি কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠপর্যায়ে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন।
সিটি কর্পোরেশন জানিয়েছে, প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঈদের তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদে রাজধানীতে বিপুল পরিমাণ পশুবর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।