পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি ঐক্য, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ করে সবাইকে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে ধারণ করা এক ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, “আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয়—সাম্য; ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি।”

তিনি বলেন, ঈদুল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার উৎসব নয়; এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি জোরদারের এক অনন্য উপলক্ষ। বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয় বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দরিদ্র, অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান।

ঈদের দিন সকালে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতির এই বার্তায় ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিক দায়িত্ববোধ এবং জাতীয় ঐক্যের প্রশ্নটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।