দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগ এ ৬ জন, সিলেট বিভাগ এ ৩ জন এবং রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ এ ২ জন করে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ এ একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে। একই সময়ে সারা দেশে মোট ৮ হাজার ৭১৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৬৪ হাজার ৯৪০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫১ হাজার ৫৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৭ হাজার ৬১৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।