ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ এমরানুর রেজা বলেছেন, পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর নাগরিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা একসময় পরিত্যক্ত নগরীতে পরিণত হবে।
শনিবার দুপুরে শহরের কালাইশ্রীপাড়ায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ, তীব্র যানজট, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, মাদক বিস্তার এবং নাগরিক সেবার অবনতির কারণে পৌরবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। শহরের অধিকাংশ সড়কে প্রতিদিন যানজট লেগেই থাকে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এমরানুর রেজা অভিযোগ করেন, পৌরসভার অধিকাংশ ফুটপাত অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে থাকায় পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১০টার পর শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায় এবং বিদ্যুৎ সংকটও প্রকট আকার ধারণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
পৌর এলাকায় লাইসেন্সবিহীন রিকশা ও ইজিবাইকের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট আরও তীব্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রিকশা ভাড়ার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান।
শহরের খালগুলোর বর্তমান অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এমরানুর রেজা। তিনি বলেন, খালের বিভিন্ন স্থানে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। টাউন খাল খনন কাজও সঠিক পরিকল্পনা ছাড়া পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিকরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং চুরি-ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে।
মতবিনিময়কালে তিনি যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, মসজিদ রোড ও পুরাতন কোর্ট রোডকে ওয়ানওয়ে ঘোষণা, ড্রেন নিয়মিত পরিষ্কার, অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
