ইরানের আকাশে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যের অবস্থান এখনও অনিশ্চিত। পেন্টাগন এই তথ্য হাউজ আর্মড সার্ভিসেস কমিটিকে অবহিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন সংসদীয় সহকারী বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন যে, কমিটিকে জানানো হয়েছে, যুদ্ধবিমানের এক সেনাকে উদ্ধার করা সম্ভব হলেও অপর সেনার অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।
সাধারণত প্রতিরক্ষা বিভাগ যখন কোনও ব্যক্তির অবস্থান নিশ্চিত করতে পারে না, তখন তাকে ‘অজ্ঞাত’ বা ‘নিখোঁজ’ হিসেবে বিবেচনা করা হয়।
প্রেসিডেন্ট Donald Trump এনবিসি নিউজকে এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে চলমান তল্লাশি ও উদ্ধার অভিযান নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্ন, এই ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে কি না, প্রেসিডেন্টের সরল উত্তর ছিল, “না, মোটেও না। এটি যুদ্ধ।”
পেন্টাগনের প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত যুদ্ধে আহত মার্কিন সেনাদের সংখ্যা ৩৬৫। এর মধ্যে ২৪৭ জন সেনাসদস্য, ৬৩ জন নৌসৈনিক, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমানবাহিনীর সদস্য। তবে শুক্রবার বিধ্বস্ত হওয়া দুটি যুদ্ধবিমানের ক্রু এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত কিনা তা এখনও নিশ্চিত নয়।
আহতদের মধ্যে সিংহভাগই মধ্যম থেকে জ্যেষ্ঠ পর্যায়ের সেনা (প্রায় ২০০ জন), ৮৫ জন কর্মকর্তা এবং ৮০ জন জুনিয়র সদস্য। এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্যের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।
