ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে সাগর মিয়া-(২০) ও ছলিম উদ্দিন-(৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার পত্তন এবং সরাইল উপজেলায় জয়ধরকান্দি গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া বিজয়নগর উপজেলার ফারাংগাবাড়ি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং নিহত ছলিম উদ্দিন সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামের নূর মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার বিকেলে সাগর মিয়া বৃষ্টির সময় বন্ধুদের সাথে জমিতে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে সাগরসহ তার ৭ জন বন্ধু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পাঁচ জনের জ্ঞান ফিরে আসলে সাগর মারা যায়। অপর আহত শফিকুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুর কাদের ভূইয়া বজ্রপাতে সরাইল উপজেলায় জয়ধরকান্দি গ্রামের কৃষক ছলিম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।