ব্রাহ্মণবাড়িয়ায় শিশু রামিসা হত্যাকান্ডসহ সকল শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রথম আলোর বন্ধু সভার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালে সচেতন নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুন নূরের সভাপতিত্বে ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, খেলাঘর, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, তরী, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শামীম আহমেদ, আইনজীবী তারেকুল ইসলাম মৃধা, সাংবাদিক খন্দকার শফিকুল আলম ও মাইনুদ্দীন রুবেল।

কর্মসূচীতে জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক, স্কুল শিক্ষক মোঃ সালমান ও আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্য পুলকসাহা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসা সহ সব ধরনের শিশু হত্যাকান্ড ও বালাৎকারের তীব্র নিন্দা জানান। সেই সাথে অবিলম্বে আত্মস্বীকৃত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও সংগঠক সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশগ্রহন করেন।