ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। বৃহস্পতিবার রাতে উপজেলার গাজীরভিটা ইউনিয়নের বরাক মিয়াবাৰি মোড়ে ব্রিজের কাছে থেকে ভারতীয় শাড়ি জব্দ করা হয় ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনুমোদনহীনভাবে আমদানি করা ভারতীয় শাড়ির একটি বড় চালান উদ্ধার করা হয়। জব্দ করা শাড়িগুলোর বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, অবৈধভাবে বিদেশি পণ্য আমদানি ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো পণ্য বিক্রি বা মজুত করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
