তৈরি মিষ্টি সামগ্রী খোলা রাখা ও খাবার অনুপযুক্ত রঙ সংরক্ষণ করার কারণে চুয়াডাঙ্গার মেসার্স সৃষ্টি ডেইরীর স্বত্ত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি তৈরি কারখানা, নিত্য প্রয়োজনীয় পণ্য, মসলার বাজারে তদারকির সময় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এদিন বিকাল ৫ টায় পাঠানো এক হটসএ্যাপ বার্তায় জানান, তদারকির ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ দই সংরক্ষণ, তৈরি মিষ্টি সামগ্রী খোলা অবস্থায় রাখা, খাবার অনুপযুক্ত রঙ সংরক্ষণ করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মাখালডাঙ্গা গ্রামের মেসার্স সৃষ্টি ডেইরীর স্বত্ত্বাধিকারী নাজিম উদ্দীনকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা দেয়া হয়।

এ সময় শহরের নিচের বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্যও শিশু খাদ্য বিক্রি না করা এবং বড় বাজারের আবদুল্লাহ সিটির দোকানের স্বত্ত্বাধিকারীদের জুতা-কাপড়সহ অন্যান্য সামগ্রী যৌক্তিক মূল্যে বিক্রি করার জন্য নির্দেশনা দেয়া হয়।

তদারকিতে সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।