ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সাথে গরুবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া ও মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পৌছলে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি গরুবাহী পিকআপ ভ্যান রেললাইনে আটকে যায়। এ সময় ট্রেনের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা একটি গরুটি আহত হয়। পরে গ্রামবাসী আহত গরুটিকে জবাই কওে ফেলে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে পিকআপটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।