ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৭ মে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়। আবেদনে অন্তর্বর্তী সরকারের শাসনামলে প্রশাসন, অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংঘটিত কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিশন গঠনের দাবি জানানো হয়েছিল। শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ মে দিন নির্ধারণ করেছিলেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।।

শুনানি শেষে আইনজীবীরা সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন খাতে গত ১৮ মাসে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন প্রয়োজন বলে তারা আদালতে যুক্তি উপস্থাপন করেছিলেন। তাদের মতে, ভবিষ্যতে নির্বাচিত সরকারগুলো যেন বিষয়গুলো উপেক্ষা করতে না পারে, সে জন্য তদন্ত কমিশন গঠন জরুরি ছিল।

তবে রাষ্ট্রপক্ষ আদালতে রিটের গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তোলে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।

আইন বিশ্লেষকদের মতে, আদালতের এ সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে বিচারিক তদন্তের দাবি আপাতত আইনি অগ্রগতি পেল না। তবে ভবিষ্যতে নতুন কোনো আইনগত উদ্যোগ নেওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ হয়নি বলেও তারা মনে করছেন।