ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে জাতীয় পর্যায়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম।
মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সেবা দেওয়া হবে।