দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৯ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭৭ শিশু। বাকি ৩৯৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা না দেওয়া, অভিভাবকদের অসচেতনতা এবং কিছু এলাকায় টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে রোগটির সংক্রমণ দ্রুত বাড়ছে।

চিকিৎসকদের মতে, উচ্চ জ্বর, শরীরে লালচে র‍্যাশ বা দানা, সর্দি-কাশি এবং চোখ লাল হয়ে যাওয়া হামের প্রধান লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত শিশুকে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে। পাশাপাশি হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে ব্যাপক টিকাদান, সচেতনতামূলক প্রচার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।