কিশোরগঞ্জের হোসেনপুরে ২০০৫ সালের এক হত্যা মামলায় দীর্ঘ ২১ বছর পর রায় দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. মাহবুব সোবহানী এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুস্তম আলী গুরুতর আহত হন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই হাতেম আলী হোসেনপুর থানায় মামলা দায়ের করেন।
রায়ে পলাতক আসামি হবি মিয়াকে দণ্ডবিধির ৩০৪ ধারার প্রথম অংশে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অর্থদণ্ডের টাকা থেকে ৫০ হাজার টাকা রাষ্ট্রের প্রসিকিউশন কস্ট হিসেবে কেটে রেখে বাকি অর্থ নিহতের বৈধ উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আসামি মজিবুর রহমানকে ৩২৩ ধারায় ৫৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি ইতোমধ্যে ওই সাজা ভোগ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
অন্য আসামি আ. মোমেন, হাবিবুর রহমান, কাঞ্চন ও শরীফকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।