দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদফতরের অধীনস্থ সব স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে টিকাদান কার্যক্রম জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদফতর ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি স্থগিত রাখা হবে।
কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।