চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ গৌহাট রোড এলাকায় ঝড়ের তাণ্ডবে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে প্রায় দেড় ঘণ্টা সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার বিকেল ৫টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টির সময় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় দমকা হাওয়া বয়ে যায়। এ সময় মুন্সিগঞ্জ গৌহাট রোডের পাশে থাকা একটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাছটি সড়কের ওপর পড়ে থাকায় মুন্সিগঞ্জ হাসপাতাল মোড় থেকে কৃষ্ণপুর পর্যন্ত সড়কের দুই পাশে ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।