বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা। সে অনুযায়ী আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়ার পর সর্বসম্মতিক্রমে আগামীকাল থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সৌদি আরবেও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে সেখানে আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হবে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।
মধ্যপ্রাচ্যের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ত্যাগ ও কোরবানির এই উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পশুর হাট, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।