প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বৈঠকে নতুন অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত ও অনুমোদনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সভায় দেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে ‘সংস্কার ও উন্নয়ন বিষয়ক পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০)’ উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী পাঁচ বছরে অর্থনৈতিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণকে কেন্দ্র করে প্রণীত এ কৌশলপত্র অনুমোদনের বিষয়েও আলোচনা চলছে।
এনইসি সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান অংশ নেন।
সংশ্লিষ্ট মহলের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উন্নয়ন কার্যক্রমের গতি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবারের এনইসি সভার সিদ্ধান্তগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।