দেশের মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও পেঁয়াজ বীজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে চুয়াডাঙ্গার দামুড়হুদায়। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পেঁয়াজ চাষীদের মাঝে পেঁয়াজ বীজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। রবিবার বিকেল ৪ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন ও উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, উপজেলায় পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি অর্থ বছরে বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে উপজেলার ২০ জন আদর্শ পেঁয়াজ চাষীকে নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে তাদের মধ্য থেকে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৭ জন পেঁয়াজ চাষীকে বীজ সংরক্ষণের জন্য ৭টি আধুনিক ফ্লো মেশিন প্রদান করা হয়। একই সাথে এই কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক কৃষককে ২৮,০০০ টাকা মূল্যের কৃষি উপকরণ বিতরণ করা হলো।
দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় পেঁয়াজ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ বছর ৮৫৫ হেক্টর জমিতে
২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার উবায়দুর রহমান সাহেল জানান, এই ফ্লো মেশিনগুলোর সাহায্যে নির্বাচিত কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ পঁচন ও গুণগত মান নষ্ট না করে দীর্ঘদিনের জন্য বীজ হিসেবে সংরক্ষণ করতে পারবেন। আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকরা নিজেরাই ঘরে বসে মানসম্মত বীজ সংরক্ষণ করতে সক্ষম হবেন। এতে আগামীতে এলাকায় উন্নত মানের পেঁয়াজ বীজের সংকট দূর হবে, আমদানির ওপর নির্ভরতা কমবে এবং স্থানীয় পর্যায়ে পেঁয়াজ চাষে এক নতুন বিপ্লব ঘটবে।
উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই আধুনিক কৃষি উপকরণ ও নগদ অর্থ তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার
ওবায়দুর রহমান সাহেল। আরো উপস্থিত থাকেন অফিসার দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
এয়ার ফ্লো মেশিনগুরো পেয়ে খুশি কৃষকরা। তারা বলেন, বাড়িতে ঘরের মেঝেয়, বাঁশের আড়ায় পেঁয়াজ রাখতাম। এতে অনেক পেঁয়াজ নষ্ট হতো। এখন এই মেশিন ও মাঁচা করার টাকা দিল কৃষি অফিস। এতে আমরা নতুন পদ্ধতিতে পেঁয়াজ রাখতে পারব। এতে আমাদের লাভ হবে।
উপকরণ বিতরণ কালে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঠিক ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ বীজ সংরক্ষণের আহ্বান জানানো হয়।
# #
চুয়াডাঙ্গা