ব্রাহ্মণবাড়িয়ায় আগামী সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’। ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমিসেবা মেলাকে ঘিরে ১৮, ১৯ ও ২১ মে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৮ মে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৯ মে সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করা হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য সম্প্রচার করা হবে।
এছাড়া ২১ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা ও সেবাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলার মূল আয়োজন বসবে জেলা সার্কিট হাউসের হলরুমে। প্রতিদিনব্যাপী চলা এ মেলায় ভূমিসংক্রান্ত ১৩ ধরনের সেবা সরাসরি প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণবান্ধব করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।