হবিগঞ্জে সিলেট-মৌলভীবাজারসহ জেলার সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে। রোববার (আজ) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক নেতৃবৃন্দের ডাকে এ পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রা করছেন।

এর আগে শনিবার মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে শ্রমিকদের মারধর করা হয়েছে—এমন অভিযোগ তুলে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেন পরিবহন সংশ্লিষ্টরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় রোববার সকাল থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেন পরিবহন মালিকপক্ষ।

যাত্রীরা জানান, হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি কাজে যাতায়াত করতে না পেরে অনেকেই বিপাকে পড়েছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে জানান, দাবি পূরণ ও সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।