ইতালি ফের ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার দুই দিন পর জাতীয় দলের কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেছেন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লে অফ ফাইনালে হারের পর বিশ্বকাপের স্বপ্নভঙ্গের দুই দিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গাব্রিয়েলে গ্রাভিনা এবং জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফ্ফন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গাত্তুসোর পদত্যাগ নিশ্চিত করেন। এফআইজিসি জানিয়েছে, “জাতীয় দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জেন্নারো গাত্তুসো।”
এক বিবৃতিতে গাত্তুসো বলেছেন, “আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর, ভারাক্রান্ত হৃদয়ে মনে হচ্ছে জাতীয় দলের দায়িত্বে আমার সময় শেষ।”
গাত্তুসো এবারের বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পর লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেন। যদিও মলদোভার বিপক্ষে ২-০ গোলে জয়ও দায়িত্বে ছিলেন স্পালেত্তি। তার কোচিংয়ে পরবর্তী পাঁচ ম্যাচে ইতালি জয় পায়, তবে শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে অফে জায়গা করে।
প্লে অফ সেমি-ফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকেট পাওয়ার আশা জাগলেও বসনিয়ার বিপক্ষে হারের ফলে আন্তর্জাতিক মঞ্চে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো ইতালির জন্য। এদিকে, ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো। এর আগে দুইবারও প্লে অফে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
