বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ–এর স্মৃতিবিজড়িত ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’-এর ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ভূমি রক্ষা কমিটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাংবাদিক আবদুন নূর। সঞ্চালনা করেন সদস্যসচিব জহিরুল ইসলাম স্বপন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা উদীচীর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, কবি মাশরেকি শিপন, সঙ্গীতাঙ্গনের শিক্ষার্থী শ্রেয়া বণিক ও ফারিয়া হাজারী প্রমুখ।

বক্তারা বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে বাড়িটি ক্রয় করেন এবং পরবর্তী সময়ে ১৯৫৬ সালে সেটি ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক কলেজ’-এর নামে দান করে দেন। স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠানটি ‘সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন’ নামে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

তারা দাবি করেন, সম্প্রতি একটি ভূমিদস্যু চক্র ভুয়া দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষ কোনোভাবেই এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দখলের চেষ্টা মেনে নেবে না।

বক্তারা আরও অভিযোগ করেন, অতীতেও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র হয়েছে। ২০১৬ ও ২০২১ সালে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর দিকেও তারা ইঙ্গিত করেন।

সমাবেশে বক্তারা দ্রুত ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স’ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দলমত নির্বিশেষে সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে। সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে পরিবেশিত মানবপুতুল নৃত্য প্রশংসিত হয়েছে। এছাড়া জাপানেও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা করে প্রশংসা কুড়িয়েছে।