ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দ শাহ আবদুল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ কৃতি শিক্ষার্থীসহ ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার সকালে নাসিরনগর সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১-আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ড. সৈয়দ আবুল মুজাদ্দাদ মুস্তাফিজ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সৈয়দ শাহ আবদুল্লাহ কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম বসির উদ্দিন তুহিন ।

নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক প্রার্থ প্রতীম সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের প্রভাষক মাওলানা আশরাফুল আজিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান এমপি বলেন, “আজকের মেধাবীরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিক-নির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে “সৈয়দ আবু এমদাদ স্মৃতি” বৃত্তি হিসেবে ১৭ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।