বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নতুন বোর্ড নির্বাচন।
দেশের ক্রিকেট প্রশাসনে নতুন নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তফশিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। পরে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

এনএসসি জানিয়েছিল, তিন মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই হবে নতুন কমিটির প্রধান দায়িত্ব। সেই ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচনের তফশিল প্রকাশ করা হলো।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বোর্ড ছয় মাসের মধ্যেই ভেঙে দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি নানা সমালোচনা ও অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়ে। একপর্যায়ে বোর্ডের সাতজন পরিচালক পদত্যাগ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অস্থিরতার পর এই নির্বাচন দেশের ক্রিকেট প্রশাসনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।