ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় জিয়াউল আমীন-(২৫) এবং শাহ আলম-(৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউল আমীন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আলকাছ মিয়ার ছেলে এবং শাহআলম একই এলাকার শাহেদ আলীর ছেলে। তারা দু’জনই প্রবাসী। জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। ছুটিতে তারা দেশে এসেছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, জিয়াউল আমীন ও শাহ আলম মোটর সাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। দূর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।