তারেক রহমান আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং দলীয় সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চাঁদপুরে দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। পরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট এলাকায় বিশ্ব খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব খাল পুনঃখনন কার্যক্রম স্থানীয় জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থা উন্নয়ন এবং নৌপথ সচল রাখতে সহায়ক হবে। দক্ষিণাঞ্চলের পানি ব্যবস্থাপনা উন্নয়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও এ উদ্যোগকে দেখা হচ্ছে।
বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।