দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

শুক্রবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এর ফলে আগের দিনের তুলনায় সব ধরনের সোনার দাম কমেছে। বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বাজুসের নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশের স্বর্ণবাজারে পড়ছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা শুরু হওয়ার পর বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে কিছুটা মূল্য হ্রাস পাওয়ায় স্থানীয় বাজারেও তার প্রভাব দেখা যাচ্ছে।

স্বর্ণ ও রুপার আন্তর্জাতিক দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে প্রায় ৪ হাজার ৬০০ মার্কিন ডলারে নেমে এসেছে।