ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস. আই) বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২৫ জনের নাম উল্লেখ এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪০/ ৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাতসহ মামলার তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার সকালে রাজবন্দীদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে শহরের পূর্ব মেড্ডা কোকিল টেক্সটাইল মিল এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত শহরে পৃথক তিনটি বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ও ছাত্রদল নেতা মোকারম হোসেন আদিসহ কয়েকজনের নেতৃত্বে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে মঙ্গলবার রাতেই সদর মডেল থানার এস.আই জাহিদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন।