ব্রাহ্মণবাড়িয়ায় একটি ব্যাটারির ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বিরাসার এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিরাসার এলাকার ছুট্টু মিয়ার ব্যাটারি ভাঙ্গারীর গুদামে বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা পুরাতন ব্যাটারি ও প্লাষ্টিক সামগ্রীর কারনে আগুনের তীব্রতা বেড়ে যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ও সরাইল ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। এতে কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানের মালিক ছুট্টু মিয়া দাবি করেন অগ্নিকান্ডের কারনে তার প্রায় ২ কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটিতে দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।