যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে ময়মনসিংহের কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদের ওপর বেইলি ব্রিজ স্থাপন, ওভারপাস নির্মাণস্থল এবং বেহাল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেল মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে এই পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। হলরুমের বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, “বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগীয় শহরের যানজট নিরসন এবং কাচারিঘাট এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্রহ্মপুত্র নদের ওপর বেইলি ব্রিজ স্থাপন করা এখন সময়ের দাবি। একই সাথে শহরের প্রধান প্রধান পয়েন্টে ওভারপাস নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে, যা দ্রুত বাস্তবায়নে আমরা হাত দেবো।
ময়মনসিংহের রেলওয়ে স্টেশনটির বেহাল দশা আমি নিজে দেখেছি এবং যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অনুধাবন করেছি। স্টেশনটিকে একটি আধুনিক ও যাত্রী বান্ধব মডেল স্টেশনে রূপান্তর করতে খুব শিগগিরই সংস্কার কাজ শুরু করা হবে।
আমরা শুধু প্রতিশ্রুতি দিতে আসিনি, দ্রুততম সময়ের মধ্যে এসব প্রকল্প দৃশ্যমান করে ময়মনসিংহের মানুষকে উপহার দেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”