সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকাতেও একটি জানাজার আয়োজন করা হবে, তবে সময় ও স্থান পরে জানানো হবে।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তীতে ছয় দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

লাহোর থেকে খনিজ বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হয়ে ওঠেন। ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।

জীবনের শেষ সময়ে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।