চাঁদপুরের কচুয়া উপজেলা অডিটোরিয়ামে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর আওতাধীন গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকার গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে “গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা” বিষয়ক একটি অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ। সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মো. এনামুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাসির, উপজেলা প্রকৌশলী মো. সোলায়মান, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) প্রকৌশলী মর্তুজা রহমান খান এবং মহাব্যবস্থাপক (বিপণন)।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, যার মধ্যে উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স), উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়), উপ-মহাব্যবস্থাপক (ইএস) এবং উপ-মহাব্যবস্থাপক (রাজস্ব) উল্লেখযোগ্য।

সভায় গ্যাস সরবরাহের স্বল্পতা ও নিম্নচাপ নিয়ে গ্রাহক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে গ্রাহক সেবার বিভিন্ন দিক নিয়ে প্রশ্নের জবাব দেন মহাব্যবস্থাপক (বিপণন)।

অবৈধ সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্টের কার্যক্রম বাড়ানোর বিষয়ে এক গ্রাহকের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বর্তমানে অধিক মূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে। তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে সবাইকে আরও সচেতন হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাসির বলেন, কচুয়ায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএল-এর পাশাপাশি গ্রাহকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম।