ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাবের গোয়েন্দা টিমের ওপর হামলার ঘটনায় কুখ্যাত ডাকাত সফিকের সহযোগী আব্দুল কাদেরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদের (৬২), একই এলাকার নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মোসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান (উপনাম অপু মিয়া) (১৯), হুমায়ূন কবীরের ছেলে নূর আলম (উপনাম নূর নবী) (১৯) এবং জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি হুইল সদৃশ দেশীয় অস্ত্র, একটি চাকু এবং দুইটি লোহার রড উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ১টায় র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিপিসি-১-এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী। এ সময় গ্রেপ্তারকৃতদের হাজির করা হয় এবং উদ্ধারকৃত দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সোমবার বিকেলে র‌্যাব-৯-এর সিপিসি-১ এর চার সদস্যের একটি গোয়েন্দা টিম তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাঞ্ছারামপুর উপজেলার দিকে যাচ্ছিল। টিমটি নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে পৌঁছালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সফিক তার সহযোগীদের নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, হামলাকারীরা র‌্যাব সদস্যদের জিম্মি করে একটি স্থানে নিয়ে গিয়ে মারধর করে। এতে তিনজন সদস্য—মালেক, রাশেদ ও কাজল—গুরুতর আহত হন। খবর পেয়ে র‌্যাবের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই র‌্যাব রাতভর অভিযান চালিয়ে আব্দুল কাদেরসহ ৫ জনকে গ্রেপ্তার করে এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, মূল অভিযুক্ত কুখ্যাত ডাকাত সফিক এবং তার সহযোগী আব্দুল হালিম (৩৪) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এই ডাকাত দলের সদস্যরা এর আগেও নবীনগর থানা পুলিশের ওপর একাধিকবার হামলার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় নবীনগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।