দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৬।

সংক্রমণের হারও আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত প্রায় দুই মাসে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৫৬৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান কর্মসূচিতে ঘাটতি, জনসচেতনতার অভাব এবং কিছু এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।