ওষুধ বিপণন পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে Bangladesh Pharmaceuticals Representative Association (ফারিয়া) নকলা উপজেলা শাখার উদ্যোগে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা ফারিয়ার আহ্বায়ক মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক সারোয়ার আকন্দ। এছাড়া বক্তব্য দেন উপজেলা ফারিয়ার উপদেষ্টা দেলোয়ার হোসেন দেলু, মো. হাসিম উদ্দিন ও আলতাফ হোসেন।
কর্মসূচিতে সংগঠনের সদস্য রাশেদুজ্জামান রাসেল, আবু সালেহ উমর ফারুক, সাকিব হোসেন বাবুল, গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, হাসান সরকার, আল-আমীন, হায়দার আলী ও রেজা কারীমসহ উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ওষুধ সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া, নতুন ওষুধ সম্পর্কে অবহিত করা এবং স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে সমন্বয় রক্ষায় তারা নিয়মিত কাজ করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু নেতিবাচক প্রচারণা ও অসাধু চক্রের আচরণের কারণে এই পেশার কর্মীরা নানা ধরনের হয়রানি ও সামাজিক বিরূপতার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং পেশাটির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, সমাজে এই পেশাকে ঘিরে ভুল ধারণা তৈরি করা হলে তা শুধু কর্মপরিবেশকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন।