ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি আনতে বড় সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এ লক্ষ্যে রাজ্যের ভূমি ও রাজস্ব বিভাগ এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী দাবি করেন, দীর্ঘদিন সীমান্ত ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে পশ্চিমবঙ্গের জনতাত্ত্বিক ভারসাম্যে পরিবর্তন এসেছে। সীমান্ত সুরক্ষা জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ ছিল অন্যতম প্রধান ইস্যু। দলটি অভিযোগ করে আসছিল, পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সীমান্ত ব্যবস্থাপনায় যথেষ্ট কঠোর অবস্থান নেয়নি।
ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তই সবচেয়ে দীর্ঘ—প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় আসে। দলটির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাজনৈতিক ঘাঁটি ভবানীপুর আসনে পরাজিত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব ও অবৈধ অনুপ্রবেশের মতো ইস্যুগুলোকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে বিজেপি তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার কৌশল নিয়েছে।
