দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম উপসর্গে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩১ হাজার ৯৯২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা অভিভাবকদের শিশুদের হাম-রুবেলা টিকা সময়মতো দেওয়ার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।