নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও এসএসসি পরীক্ষার্থী পরশ মিয়া (১৫)। নিহত ও আহত দুজনের মধ্যে মামা-ভাগ্নের সম্পর্ক রয়েছে।

রোববার (১০ মে) রাত প্রায় ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। আহত পরশ মিয়া একই উপজেলার সাগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পরশ মিয়া ও তার ভাগ্নে শুভ মিয়া মোটরসাইকেল কিনতে ময়মনসিংহের ভালুকায় যান। সেখানে একটি বাইক শোরুম থেকে প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকায় একটি ব্যবহৃত মোটরসাইকেল কেনেন তারা। পরে সন্ধ্যার দিকে নতুন কেনা মোটরসাইকেল নিয়ে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেন।

পথে চরশ্রীরামপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে পড়ে থাকা বোরো ধানের খড়ের আঁটির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কে পড়ে যায় এবং চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় পথচারী ও একটি সিএনজিচালিত অটোরিকশার চালক তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত পরশ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে এবং আহত চালক চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।