যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করেন।

এর আগে গত মঙ্গলবার (৫ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটে পাঠানো এক চিঠিতে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও বিষয়টি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সমাবর্তন অনুষ্ঠানে নিহত দুই শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া ডক্টরেট ডিগ্রি প্রদান পর্বে জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির সম্মানে রেগালিয়া—অর্থাৎ গাউন, ক্যাপ ও হুডসহ দুটি খালি চেয়ার সংরক্ষিত রাখা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলে, গবেষণা ও একাডেমিক অঙ্গনে তাদের অবদান এবং সম্ভাবনাকে সম্মান জানাতেই এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আলোড়নের সৃষ্টি করে।