হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার বাসিন্দা ও আব্দুল হামিদের ছেলে।

রবিবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধুলিয়াখাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা দ্রুতগতির বাস চলাচল নিয়ন্ত্রণ, সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।