তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই সঙ্গে তার মন্ত্রিসভার আরও নয় সদস্য শপথ গ্রহণ করেন।
তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চলচ্চিত্র অঙ্গন, ব্যবসায়ী মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
সম্প্রতি অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল টিভিকে (তামিলগা ভেত্রি কাঝাগম) ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায়। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও পরে কংগ্রেসসহ কয়েকটি আঞ্চলিক ও জাতীয় দলের সমর্থন নিয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত করেন তিনি।
নির্বাচনের ফল প্রকাশের পর থালাপতি বিজয় জোটসঙ্গীদের সমর্থনপত্র নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সরকার গঠনের দাবি জানান। যাচাই-বাছাই শেষে রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
এরপর রোববার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলচ্চিত্র জগতের জনপ্রিয়তা কাজে লাগিয়ে অল্প সময়েই তামিল রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছেন থালাপতি বিজয়।
শপথ অনুষ্ঠানের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দেওয়া হবে। তামিলনাড়ুকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবো।”
নতুন সরকার গঠনের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
