যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান অবতরণ করে।
বিমানবন্দরে এ সময় নিহত শিক্ষার্থীর স্বজনরা উপস্থিত ছিলেন। স্বজনদের কান্না ও শোকঘন পরিবেশে মরদেহ গ্রহণ করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকালে তা ঢাকায় এসে পৌঁছে। মরদেহ বিমানে তোলার সময় মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বুধবার ফ্লোরিডার টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার দেশে আনা হয়।
এদিকে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গত মঙ্গলবার মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এ তথ্য জানায়। একই সঙ্গে সমাবর্তনে উপস্থিত থেকে দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। পরে তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।