পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।
গত ৪ মে ঘোষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী পদে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর আগে একাধিকবার জানিয়েছিল, বাংলার মাটির সঙ্গে যুক্ত এবং বাংলা মাধ্যমে শিক্ষিত কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে। সেই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল।
শুক্রবার বিধায়কদলের বৈঠকে তাকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
বৈঠকের পর শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় একাধিক প্রস্তাব এলেও প্রতিটি প্রস্তাবে একই নাম ছিল—শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো নাম প্রস্তাব করা হয়নি। তাই তাকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব এখন বিজেপির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে দাঁড়িয়েছে।
