ব্রাহ্মণবাড়িয়ায় ২০১ কেজি গাঁজা, ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৬শত টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার ভোরে পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ উপজেলার চর- লালপুর, বাহাদুরপুর ও আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার এবং মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, আশুগঞ্জ উপজেলার চর-লালপুর গ্রামের মোঃ মহসিন মিয়া ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের রহমত আলী সুজন।
শুক্রবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জেলার আশুগঞ্জ উপজেলার চর-লালপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬৫ বোতল স্কফ সিরাপ, ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৬শত টাকা উদ্ধার করে।
অপরদিকে গোপন সংবাদেও ভিত্তিতে শুক্রবার সকালে আশুগঞ্জ থানার পুলিশ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশে রাখা পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করে।
অপর এক অভিযানে আশুগঞ্জ থানার পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় ১টি প্রাইভেটকার আটক করে। পরে পুলিশ প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ত্রিশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রহমত আলী সুজনকে গ্রেপ্তার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।